শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন, কালের খবর :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার নির্বাচনী পরিবেশে একটি উৎসবমুখর আবহ বিরাজ করলেও সম্প্রতি এক প্রার্থীর কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা পরিষদের এক সদস্য।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. সহিদুল ইসলাম সুমন বলেন, ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য ও বানোয়াট বক্তব্য দেওয়া হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ।
তিনি অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি নির্বাচনী এলাকায় প্রচারণার নামে একজন প্রার্থী পার্বত্য জেলা পরিষদ এবং বিশেষ করে পরিষদের বাঙালি সদস্যদের জড়িয়ে জনসম্মুখে দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, একটি জাতীয় নির্বাচন কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রার্থীর জয়-পরাজয় নির্ধারিত হবে জনগণের রায়ের মাধ্যমে; সেখানে মিথ্যা আশ্বাস বা কাল্পনিক গল্প সাজিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
সহিদুল ইসলাম সুমন বলেন, নির্বাচনী মাঠে উন্নয়ন, যুক্তি ও বাস্তব পরিকল্পনার লড়াই হওয়াই কাম্য। স্বল্পমেয়াদি সুবিধা অর্জনের আশায় গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন করা হলে তার ক্ষতিকর প্রভাব সমাজ ও রাষ্ট্রের ওপর পড়বে।
তিনি সংশ্লিষ্ট প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তব কর্মসূচি নিয়ে জনগণের সামনে আসুন, কিন্তু অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুন। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বন্ধের দাবি জানান তিনি।
সবশেষে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সত্যের জয় হবেই এবং জনগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম—এমনটাই তার বিশ্বাস।