শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :
দেশের মিডিয়াকে এবার চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়া মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগামি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাংবাদিকেরা যদি ‘নিরপেক্ষ’ ভূমিকা পালন না করে, তাহলে জনগণ এবার মিডিয়াকে ‘লালকার্ড’ দেখাবে। সুতরাং মিডিয়াকে আমরা এবার সম্পূর্ণ ‘নিরপেক্ষ’ ভূমিকায় দেখতে চাই।
তিনি (হাসনাত) বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ১১ দলীয় জোটের অন্তর্ভূক্ত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত (রিকশা প্রতীক) প্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ‘প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে মিডিয়ার সমালোচনা করে এসব কথা বলেন। তিনি পুলিশ প্রশাসনেরও কঠোর সমালোচনা করেন।
এনসিপির আলোচিত এই নেতা হাসনাত আবদুল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরও সমালোচনা করে বলেন, ‘ভোট পাওয়ার জন্য প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে, বিরানীর প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ী পাঠায়, রিকশা পাঠায়, সিএনজি পাঠায়। আর সেই জায়গায় মানুষ এসে উল্টো আমাদেরকে টাকা দিয়ে যায়। এমনকি নিজের পকেটের টাকা খরচ করে আমাদের নির্বাচনী জনসভায় দলে দলে মানুষ এসে ভীড় জমায়।’
তিনি উপস্থিত ভোটারদের কাছে উদাত্ত আহবান জানিয়ে প্রশ্ন রাখেন,’সিদ্ধান্ত এবার আপনাদের। আপনারা কি একদিন ৫০০/১০০০ টাকা খেয়ে পাঁচ বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে পাঁচ বছর দেশের মালিক বনে যাবেন?
তিনি নবীনগরে ১১ দলীয় জোটের যোগ্য ও সৎ প্রার্থী মুফতী আমজাদ হোসাইনকে ‘রিকশা’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত জনগণকে অনুরোধ করেন।
জনসভায় ১১ দলের প্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফী তাঁর বক্তব্যে আজীবন নবীনগরবাসির সুখে দু:খে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেসুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী এ জনভায় ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।